আখাউড়ায় গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুলাল মিয়া (৩৮) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে ‍পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুলাল কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল মধ্যপাড়া গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। পুলিশের ভাষ্যমতে, দুলাল চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে জেলার নবীনগর, কসবা এবং কুমিল্লার মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উচ্চবিদ্যালয়-সংলগ্ন পুকুরপাড়ে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বেলা একটার দিকে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহত ব্যক্তির মেয়ে নাজনীন বেগম বলেন, রাতে কয়েকজন লোক এসে তাঁর বাবাকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে বাবাকে আর খুঁজে পাননি। সকালে তাঁর গুলিবিদ্ধ লাশ আখাউড়া উপজেলায় উদ্ধার করা হয়েছে বলে তিনি জানতে পারেন।

মেহারী ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান আলম মিয়া প্রথম আলোকে বলেন, দুলাল এলাকায় মাদকের ব্যবসা করতেন। মাদকের একটি মামলায় তিনি দুই বছরের সাজা পাওয়া পলাতক আসামি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, দুলাল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে কুমিল্লার মুরাদনগর থানা, জেলার নবীনগর ও কসবা থানায় ১২টি মামলা রয়েছে। এসব মামলার একটিতে নিহত দুলাল দুই বছরের সাজা পাওয়া পলাতক আসামি। তিনি আরও বলেন, অন্য মাদক ব্যবসায়ীর সঙ্গে দুলালের কোনো ব্যবসায়িক বিরোধ অথবা মাদকের কোনো চালান আদান-প্রদানের সময় অন্যান্য মাদক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্দুকযুদ্ধ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুলালের বুকে চারটি গুলির চিহ্ন দেখা গেছে।