আখাউড়ায় ভুয়া ব্যাংক ব্যবস্থাপক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ইমন (৩২) নামের এক ভুয়া ব্যাংক ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

আটক মো. ইমন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাগুই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমন নিজেকে ইসলামী ব্যাংকের আখাউড়া শাখার ব্যবস্থাপক পরিচয় দিয়ে মনিয়ন্দ গ্রামের লোকজনকে ঋণ দেওয়ার কথা বলেন এবং এ জন্য তাঁর কাছে জনপ্রতি ৫ হাজার টাকা করে জমা দেওয়ার প্রস্তাব দেন। এ বিষয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক ওই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ও ইয়াসমিন আক্তারের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে তাঁরা ইসলামী ব্যাংকের আখাউড়া শাখায় যোগাযোগ করে জানতে পারেন ইমন একজন ভুয়া ব্যাংক কর্মকর্তা।

ঋণ পাওয়ার শর্ত হিসেবে চাওয়া টাকা আনতে গতকাল মনিয়ন্দ গ্রামে যান ইমন। এ সময় মনিয়ন্দ গ্রামের লোকজন ইমনকে আটক করে থানায় সোপর্দ করেন। ইসলামী ব্যাংক আখাউড়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।