আখাউড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোজিনা আক্তার নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

রোজিনা আক্তার উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের সুজন মিয়ার স্ত্রী ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের ফুল মিয়ার মেয়ে। প্রায় আড়াই বছর আগে পারিবারিকভাবে সুজনের সঙ্গে রোজিনার বিয়ে হয়। তাঁদের এক বছরের একটি সন্তান আছে।

রোজিনার ভাই বিল্লাল হোসেন অভিযোগ করেন, বিয়ের সময় রোজিনার পরিবারের কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করে সুজনের পরিবার। তখন সুজনের পরিবারকে যৌতুক হিসেবে ১ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য প্রায়ই রোজিনাকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। শনিবার রাতেও রোজিনাকে নির্যাতন করা হয় বলে ওই বাড়ির প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছেন।

বিল্লাল হোসেন অভিযোগ করেন, ‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আমার বোন রোজিনাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। স্বর্ণের জিনিস বানানোর কথা বলে যৌতুকের অবশিষ্ট টাকার জন্য কয়েক দিন ধরে আমার বোনকে চাপ দিয়ে আসছিল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।’

তবে রোজিনার শ্বশুর মোহন মিয়া জানিয়েছেন, তাঁর পুত্রবধূ আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে অভিমান করে রোজিনা আত্মহত্যা করেন। ঝুলন্ত অবস্থা থেকে তাৎক্ষণিকভাবে তাঁকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে এ বিষয়ে কথা বলার জন্য রোজিনার স্বামী সুজন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়ায় একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘গৃহবধূর গলায় ফাঁসের কালো দাগের চিহ্ন দেখা গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর গৃহবধূর বাবার বাড়ির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’