আখাউড়ায় শিশু উদ্ধার, ১ সন্দেহভাজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মহিমা আক্তার নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার সময় অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গতকাল রোববার দুপুরে পৌর এলাকার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মহিমা আখাউড়া পৌর এলাকার শান্তিনগর গ্রামের মুসা মিয়ার মেয়ে ও ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার চাচাতো বোন রেশমা একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আটক ব্যক্তি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার এনামুল হক বলে দাবি করেছেন। তবে গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
স্থানীয় লোকজন, পুলিশ ও ওই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকালে কানে স্বর্ণালংকার পরে বিদ্যালয়ে যায় মহিমা। দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর মহিমা অপরিচিত ব্যক্তি এনামুল হকের সঙ্গে যাচ্ছিল। এ সময় মহিমার সঙ্গে রেশমা কথা বলে বুঝতে পারে, সঙ্গে থাকা লোকটি মহিমাকে কোথাও নিয়ে যাচ্ছেন। রেশমা সঙ্গে সঙ্গে বিষয়টি পাশের দোকানদার আকরাম হোসেনকে জানান। আকরাম হোসেন উপস্থিত লোকজনকে সঙ্গে নিয়ে মহিমাকে উদ্ধার এবং ওই ব্যক্তিকে আটক করে পিটুনি দেন। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।
মহিমা জানায়, ছুটির পর বাড়ি যেতে বিদ্যালয় থেকে বের হয় সে। এ সময় শিক্ষকদের জন্য আম কিনে দেওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে যেতে থাকেন ওই ব্যক্তি। তখন ওই ব্যক্তির সঙ্গে সে কোথায় যাচ্ছে তা জানতে চায় রেশমা। এতে ওই ব্যক্তি মহিমাকে থাপ্পড় দেওয়ার ভয় দেখায়। রেশমা বিষয়টি স্থানীয় দোকানি আকরাম হোসেনকে জানালে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আকরাম হোসেন জানান, রেশমা বিষয়টি জানালে ওই ব্যক্তিকে আটক করে তাঁর নাম পরিচয়সহ নানা বিষয়ে প্রশ্ন করা হয়। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে তাঁকে বিদ্যালয়ে বসিয়ে রেখে পুলিশে খবর দেন। পরে আখাউড়া থানার এএসআই মো. শাহীনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান।
আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আখাউড়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন। তিনি একেক সময়ে একেক কথা বলছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।