আখাউড়ায় শীর্ষ সন্ত্রাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন ওরফে ডাকাত জীবনের (৩৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার একটি বিল থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত কামাল ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৮টি মামলা ছিল।
কামালের চাচা সফর আলী বলেন, গত তিন দিন আগে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ধরখার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, গতকাল দুপুরে হাশিমপুর সেতুর সংলগ্ন একটি বিলের পাশে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।