খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ডিশ, টেলিফোন সংযোগ নেই মোবাইল নেটওয়ার্ক দুর্বল
আগতদের নাম-ঠিকানা লিখে রাখা হচ্ছে
এবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যাঁরা ঢুকছেন তাঁদের নাম-ঠিকানা লিখে রাখছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ের প্রবেশমুখে পুলিশের একটি গোয়েন্দা সংস্থা এ কাজ করছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গতকাল সন্ধ্যা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের দুজন সদস্য একটি টেবিল ও খাতা নিয়ে বসেছেন। কার্যালয়ে যাঁরা আসছেন বা যাচ্ছেন, তাঁদের নাম-ঠিকানা-মুঠোফোন নম্বর লিখে রাখা হচ্ছে। কার্যালয়ে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কোরআন তিলাওয়াত শেষে ফেরার পথে কয়েকজন মাওলানার নাম-ঠিকানাও লিখে রাখা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে এ নিয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার বাড়িতে যাঁরা আসেন এবং যাঁরা সেখানে ঢোকার পর চলে যান, সবার নামই লিখে রাখার জন্য বাড়ির ফটকে নিবন্ধনখাতা রাখা আছে। এসব না করলে নিরাপত্তা-সংক্রান্ত ঝামেলাও হতে পারে। হয়তো পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থার লোক এই লেখার কাজটি করছেন।
এদিকে গতকালও খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কেব্ল টেলিভিশন (ডিশ) ও টেলিফোন সংযোগ (ল্যান্ডফোন) পুনঃস্থাপন করা হয়নি। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ফ্যাক্স ব্যবহার করা যাচ্ছে না। তা ছাড়া ওই কার্যালয়ের মধ্যে মুঠোফোনের নেটওয়ার্কও দুর্বল।
গত ৩০ জানুয়ারি দিবাগত রাত পৌনে তিনটায় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হয়। এর পরদিন দুপুরের দিকে অন্য সেবা-সংযোগগুলোও কাটা হয়। তবে প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর গত শনিবার রাত ১০টার দিকে আবার বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। কিন্তু অন্য সংযোগগুলো আর স্থাপন করেনি সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বেসরকারি মুঠোফোন অপারেটরদের নেটওয়ার্ক অনেক দুর্বল। ফলে ওই কার্যালয় ও এর আশপাশের এলাকা থেকে কেবল সিটিসেল ছাড়া অন্য সব অপারেটরের ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার করা প্রায় অচল হয়ে পড়ে। তবে সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের ফোন ব্যবহার করে ওই কার্যালয় থেকে কথা বলা যাচ্ছে। এ জন্য কার্যালয়ের ভেতরে অবস্থানরত অনেকেই এখন টেলিটকের ফোন ব্যবহার করছেন। তবে টেলিটকে কথা বলতে পারলেও তাঁরা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। ওয়াই-ফাই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্ক সেখানে কাজ করছে না। ফলে বিএনপি চেয়ারপারসনসহ ওই কার্যালয়ে অবস্থানরত ব্যক্তিদের স্বাভাবিক যোগাযোগ কার্যক্রম অনেকটাই বিচ্ছিন্ন।