আগারগাঁও-শ্যামলী লিংক রোড ফুটপাত দখল করে দোকান
আগারগাঁওয়ের শ্যামলী লিংক রোডের দুই পাশের ফুটপাত এবং এর পাশের জায়গা দখল করে দোকানপাট বসানো হয়েছে। ফুটপাতের পাশের যাত্রীছাউনিগুলোতেও বসার জায়গা নেই। চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
সরেজমিনে দেখা যায়, আগারগাঁও মোড় থেকে শ্যামলী শিশুমেলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের বিভিন্ন জায়গা দখল করে বসানো হয়েছে খাবার হোটেল, ওষুধের দোকান, ফলের দোকানসহ অসংখ্য দোকান। এই সড়কের পাশে বসানো হয়েছে ২৯টি স্থায়ী ও অস্থায়ী অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামাদির দোকান। এসব দোকানের মূল ক্রেতা হলেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
এসব দোকানের চেয়ার-টেবিল বসানো হয়েছে ফুটপাতের ওপরই। এর পাশে বসানো হয়েছে খাবার হোটেল ও ফলমূলের দোকান। এর পাশ দিয়ে পথচারীদের জন্য চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
সড়কের দক্ষিণ পাশে শিশু হাসপাতালের সামনের ফুটপাতে দিনের কিছু সময় বসে ছোট ছোট ভাসমান দোকানপাট। তাতে থাকে স্বল্পমূল্যে চাদর, কাপড়, বাচ্চাদের খেলনা ও প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা। এসব ভাসমান দোকানে মূলত এই সড়কের আশপাশে থাকা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীদের আত্মীয়স্বজনই বেশি কেনাকাটা করে থাকেন।
এই সড়কের পাশে যাত্রীদের বিশ্রামের সুবিধার জন্য তৈরি করা হয়েছে দুটি ছাউনি। যাত্রীছাউনিগুলো বেহাল। ছাউনিগুলোতে যাত্রীদের কোনো বসার জায়গা নেই। ঢাকা শিশু হাসপাতালের সামনের যাত্রীছাউনির ভেতর বসানো হয়েছে ওষুধের দোকান। এর পেছনে বসানো হয়েছে খাবার হোটেল। যাত্রীছাউনিতে দাঁড়িয়ে অপেক্ষা করাও যায় না। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের যাত্রীছাউনির ভেতরে রয়েছে দুটি ওষুধ ও একটি চিকিৎসা সরঞ্জামাদির দোকান। ছাউনিগুলোতে টাঙানো নোটিশ বোর্ড থেকে জানা যায়, এগুলো নিয়ে মামলা চলছে। এগুলো উচ্ছেদ করা সম্ভব নয়। তাই এ হাল।
এ সড়কের এক পাশেই অবস্থিত শিশুমেলা ও একটি শিশু হাসপাতাল। সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বাস, লেগুনাসহ ভারী যানবাহন। অথচ সড়কটিতে নেই কোনো পদচারী-সেতু। ফলে শিশুদের জন্য প্রায় সময়ই সড়ক পারাপার হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
খোঁজ নিয়ে জানা যায়, মাঝেমধ্যে প্রশাসন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পর আবার তা বেদখল হয়ে যায়। শিশুমেলায় শিশু আসিফকে নিয়ে ঘুরতে এসেছিলেন তার বাবা আবুল হোসেন। তিনি বলেন, ‘এমনিতেই বাচ্চাদের নিয়ে রাস্তায় চলাচল করতে অনেক সমস্যা হয়, তার ওপর ফুটপাত দখল হয়ে থাকায় তা আমাদের জন্য হয়ে উঠেছে দুর্ভোগের।’
এ ব্যাপারে জানতে চাওয়া হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি জি বিশ্বাস বলেন, ‘সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদপ্তর থেকে যখনই আমাদের চিঠি দিয়ে জানানো হবে, আমরা তখনই পুলিশ দিয়ে সহায়তা করব।’