আগারগাঁওয়ে হাতুড়ে চিকিৎসকদের হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ২৭/২ পশ্চিম আগারগাঁওয়ের শাহজালাল জেনারেল হাসপাতাল। বিএনপি বাজারের পাশের এই হাসপাতালে ছিলেন তিনজন চিকিৎসক। তবে সুজন, মাসুম ও সুমন নামের এই চিকিৎসকের কেউই মেডিকেল কলেজ থেকে পাস করেননি।
তাতে কী, ঢাকার ব্যস্ত এলাকার এই বেসরকারি হাসপাতালে তিন বছর ধরে দিব্যি রোগী দেখা, ওষুধ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা। এমনকি অস্ত্রোপচারের কাজও নিশ্চিন্তে করতেন এই তিন ‘ডাক্তার’।
তবে আজ সকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাতেনাতে ধরা পড়েন সুজন, মাসুম ও সুমন। এঁদের সঙ্গে টেকনিশিয়ান সুব্রত বালা, পঙ্কজ চন্দ্র, ও নার্স পরিচয়ে মিতু জয়কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার পরিচালনায় এই অভিযানে তিন চিকিৎ​সককে দুই বছর করে কারাদণ্ড এবং ভুয়া নার্স ও টেকনিশিয়ানদের ছয় মাসের কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, উচ্চমাধ্যমিক পাস মাসুম এই হাসপাতালের মূল চিকিৎ​সক। তিনি অস্ত্রোপচারসহ সব ধরনের রোগী দেখা ও প্রেসক্রিপশন লেখার কাজ করেন। অভিযানের সময় ফজলুল হক নামের এক রোগীর পায়ে অস্ত্রোপচার করছিলেন সুজন এবং সুমন। এঁদের মধ্যে সুজন উচ্চমাধ্যমিক ও সুমন মাধ্যমিক পাস করে ‘ডাক্তারি’ করে আসছিলেন।
আনোয়ার পাশা আরও জানান, হাসপাতালটির অনুমোদন ২০১৩ সালের জুন মাসে শেষ হয়ে যায়। এর পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে হাসপাতালটি চলছিল। এ ছাড়া এখানকার এক্সরে মেশিনটির পরমাণু শক্তি কমিশনের ছাড়পত্রও ছিল না।
মেজর নাসির উদ্দিন আহমেদ পরিচালিত র‌্যাবের এই অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি স্বপন কুমার তপাদার উপস্থিত ছিলেন।