নোয়াখালীর পশ্চিম মাইজদী গ্রামে যুবলীগের কর্মীকে হত্যার জের ধরে একটি বাড়ি ভাঙচুর ও তিনটি বসতঘরে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর গত রোববার রাতেই দুজনকে আটক করে পুলিশ।
রোববার রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম মাইজদী গ্রামে সন্ত্রাসীরা ইট দিয়ে মাথা থেঁতলে যুবলীগের কর্মী রেদোয়ানকে হত্যা করে। পেশায় নির্মাণশ্রমিক রেদোয়ান একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে। এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করেছে ছাত্রলীগ।
হত্যাকাণ্ডের পর পুলিশের অভিযানে আটক দুজন হলেন রুহুল কুদ্দুস (২১) ও সাইফুল ইসলাম (১৮)। তাঁদের বাড়ি পশ্চিম মাইজদী গ্রামে।
এলাকাবাসী জানান, রেদোয়ানের সঙ্গে একই গ্রামের রুবেলের বিরোধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে রুবেলদের বসতঘরে হামলা ও ভাঙুচর চালায় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী। একপর্যায়ে রুবেলের প্রতিবেশী দিনমজুর আবদুল হক, মামুন ও সাহাব উদ্দিনের বসতঘরেও অগ্নিসংযোগ করে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। বাড়ির বাসিন্দারা অভিযোগ করেন, হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবাই ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ ওরফে ইমন। তিনি দাবি করেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছে, তা নিহত রেদোয়ানের পাড়ার লোকজন ক্ষিপ্ত হয়ে করেছেন। এর সঙ্গে দলের কেউ জড়িত নন।
নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দাবি করেন, জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে রুবেলের সঙ্গে বিরোধের জের ধরে রেদোয়ান খুন হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া হত্যাকাণ্ডের বিষয়ে গতকাল বিকেল পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে রেদোয়ানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, রেদোয়ানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছাড়াও মাথায় গুরুতর জখম ছিল।