আগুনে পুড়ে গেছে ঝুটপট্টির গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে গতকাল বুধবার দুপুরে আগুনে ঝুটের কয়েকটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে মিরপুর ১০ নম্বর এ ব্লকের ঝুটপট্টির পশ্চিম প্রান্তে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অবশ্য ঝুটপট্টির নবজাগরণ ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মাসুম খান দাবি করেন, তাঁদের গুদামে থাকা সব ঝুট (গার্মেন্টসের টুকরো কাপড়) পুড়ে গেছে। ঘটনাস্থলের পাশে সমিতির আওতাভুক্ত নয়টি গুদাম ছাড়াও আরও কয়েকটি গুদাম রয়েছে, যার সব কটিই পুড়ে গেছে।
ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান বলেন, এখানে শতাধিক ঝুটের গুদাম আছে। এর প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে।