আগুনে পুড়িয়ে শিশু হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক শিশু। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উচিতপুড়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম হৃদয় (৯)। আহত শিশুটির নাম জিহাদ (৭)। তারা ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সকাল আটটার দিকে হৃদয়ের লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশু দুটির মা শেফালি বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, হৃদয় ও জিহাদের বাবা আনোয়ার হোসেন ওমানপ্রবাসী। মা শেফালি বেগমের সঙ্গে তারা থাকত। গতকাল রাতে তারা মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। পরে তাদের বিছানার তোশকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পুড়ে হৃদয়ের মৃত্যু হয়। জিহাদকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, শেফালি বেগমের সঙ্গে মোমেন নামের স্থানীয় এক ব্যক্তির সম্পর্ক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটি বিষয়টি জেনে যাওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তদন্ত চলছে। শেফালি বেগমকে আটক করা হয়েছে। মোমেন পলাতক।