আগুনে পুড়েছে বিদ্যালয়, অনিশ্চিত পাঠদান
ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার উইলসন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এর ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা উদ্দেশ্যমূলকভাবে দুর্বৃত্তরা বিদ্যালয়টিতে আগুন দিয়েছে। গত শনিবার রাতে এই আগুন লাগে। রোববার সকালে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা জানা যায়, পাড়াগ্রামের রুস্তম মাতব্বরের মেয়ে মর্জিনা আকতার লেখাপড়া শেষে ২০০২ সালে তাঁদের নিজেদের এক বিঘা জমির ওপর একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একটি আধা পাকা ভবনে ১৩টি শ্রেণিকক্ষে ও একটি অফিসকক্ষে বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বিদ্যালয়ে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪৫০ জন শিক্ষার্থী আছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম বলেন, শনিবার সন্ধ্যা ছয়টায় বিদ্যালয় বন্ধ করে তাঁরা বাসায় যান। রাত ১০টার দিকে শহীদুল ইসলাম নামের এক প্রতিবেশীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তখন বিদ্যালয়টির সব কক্ষেই আগুন জ্বলছিল। এ সময় আশপাশের কয়েকশ লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগেই সব কক্ষের আসবাবপত্র ও মালামালসহ বিদ্যালয় গৃহের অধিকাংশ চাল পুড়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, বিদ্যালয়টির প্রতিটি কক্ষেই একসঙ্গে আগুন জ্বলে। বাইরের কেউ আগুন ধরিয়ে না দিলে এক সঙ্গে সব কক্ষে আগুন ধরা সম্ভব নয়। তা ছাড়া আগুন ধরানোর আগে বিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে আটকে দেওয়া হয়। তাঁর পরিবার বা প্রতিষ্ঠানের সঙ্গে কারও দৃশ্যমান কোনো বিরোধ নেই। তবে কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এসব নাশকতা চালাচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, বিদ্যালয়টি পুড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ একটি জিডি করেছে। ফায়ার সার্ভিসকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা নেওয়া হবে।