আগে বিল তুলে নিম্নমানের কাজ

বরিশালের গৌরনদী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক ঠিকাদার প্রকল্পের কাজ শেষ না করেই বিল উত্তোলন করেছেন। আর টাকা তোলার পর নিম্নমানের ইট দিয়ে দায়সারাভাবে সড়ক নির্মাণের কাজ করছেন বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা এলজিইডি জানায়, ২০১৩-১৪ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় এলজিইডি গৌরনদীর বাটাজোর ইউনিয়নের দেওপাড়া শাহি মসজিদ থেকে লক্ষ্মণকাঠি পর্যন্ত ইটের রাস্তা বানানোর প্রকল্প নেয়। ২৯০ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের সড়কটি বাস্তবায়নে সাড়ে ছয় লাখ টাকা ব্যয় ধরা হয়। গত এপ্রিল মাসে মেসার্স সরদার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে এর কাজ শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার চলতি মাস থেকে কাজ শুরু করেন।
সরেজমিনে দেখা গেছে, সড়ক নির্মাণে মাটি কেটে সমান করে বালু ভরাট করার কথা থাকলেও ঠিকাদারের লোকজন তা না করেই মাটিতেই ইট বিছিয়ে দিচ্ছেন।
বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন প্রথম আলোকে বলেন, পচা ইট দিয়ে সড়ক নির্মাণ করতে নিষেধ করা হলেও ঠিকাদার শুনছেন না। উপজেলা প্রকৌশলীর কাছে লিখিতভাবে অভিযোগ করলে ঠিকাদারকে ৭ জুলাই কাজ বন্ধ করে পচা ইট অপসারণের নির্দেশ দেওয়া হয়। ঠিকাদার সেই নির্দেশ অমান্য করেই কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে মেসার্স সরদার এন্টারপ্রাইজের মালিক মো. সাজ্জাত হোসেন বলেন, ‘পচা ইটে সড়ক নির্মাণের বিষয়টি সঠিক নয়। আর এত অল্প টাকায় মানসম্মত কাজ করাও সম্ভব নয়।’
উপজেলা এলজিইডি প্রকৌশলী দিপুল কুমার বলেন, ‘৩০ জুনের মধ্যে এডিপির টাকা খরচ করার নিয়ম রয়েছে। সঠিকভাবে কাজ শেষ করার আশ্বাস দেওয়ায় তাই ওই দিন ঠিকাদারকে টাকা দেওয়া হয়েছে। আর কাজে অনিয়মের অভিযোগ পেয়ে নির্মাণকাজ বন্ধ রেখে পচা ইট অপসারণের নির্দেশ দিয়েছি।’