আগেই খবর দিয়ে তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অ-ইউরিয়া সারের (টিএসপি, এমওপি এবং ডিএপি) সবচেয়ে বড় বিপণনকেন্দ্র যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সরকার-নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভর্তুকির টিএসপি ও ডিএপি সার বিক্রির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত সোমবার তদন্তের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির একটি দল নওয়াপাড়া এসে পৌঁছায়।
তদন্তের খবর ব্যবসায়ীদের আগেভাগে জানিয়ে দেওয়ায় তাঁরা ভর্তুকির কাগজপত্র সরিয়ে ফেলেন। তদন্তের কারণে সোমবার নওয়াপাড়ায় ভর্তুকির কোনো অ-ইউরিয়া সার বিক্রি হয়নি।
সোমবার প্রথম আলোতে ‘নওয়াপাড়ায় বেশি দামে সার বিক্রি চলছেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব নিত্যরঞ্জন বিশ্বাসের নেতৃত্বে একটি তদন্ত দল নওয়াপাড়ায় আসে। এ সময় অধিদপ্তরের যশোরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) এমদাদ হোসেন শেখসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তদন্ত দলটি কয়েকজন ব্যবসায়ীর দোকানে গিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। কয়েকটি সারের গুদামও পরিদর্শন করেন তদন্ত দলের সদস্যরা।
কিন্তু তদন্তকারীরা আগেই বিষয়টি ব্যবসায়ীদের জানিয়ে দেন। ফলে দলটি নওয়াপাড়াই পৌঁছানোর আগেই তাঁরা ভর্তুকির কাগজপত্র অন্যত্র সরিয়ে ফেলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, নওয়াপাড়ায় সাধারণত সারের দোকানগুলো খোলা হয় সকাল নয়টার পর। কিন্তু তদন্তের বিষয়টি আগেই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়ায় কাগজপত্র অন্যত্র সরিয়ে ফেলতে এবং ঠিক করতে সোমবার সারের দোকানগুলো খোলা হয় সকাল সাতটার দিকে।
এ ঘটনায় সোমবার নওয়াপাড়ায় কোনো প্রকার ভর্তুকির অ-ইউরিয়া সার বিক্রি হয়নি। দেশের বিভিন্ন স্থান থেকে ওই দিন দুই শতাধিক ট্রাক সার নিতে নওয়াপাড়ায় আসে। তদন্তের খবর পেয়ে ট্রাকগুলো খালি ফিরে যায়।
বিষয়টি জানার জন্য নিত্যরঞ্জন বিশ্বাসের মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে এমদাদ হোসেন শেখ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করতে নওয়াপাড়ায় তদন্তে এসেছি। আমরা ব্যবসায়ীদের কাগজপত্র দেখছি। সারের স্টক ঠিক আছে কি না, তাও দেখছি।’
তদন্তের ব্যাপারে ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তদন্ত করতে এলে আগেই বলে আসি যে আপনাদের কাগজপত্রগুলো দেখব। এ ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।’