আগের চেয়ে ভালো আছেন খাদিজা

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র খোলা হয়েছে। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও বলেছেন, খাদিজার অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাঁকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সেখানে উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, বিদেশে নেওয়ার এখন প্রয়োজন নেই। খাদিজার অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তবে যদি নিতে হয়, সে ব্যয়ও সরকার বহন করবে।’
খাদিজার ওপর হামলাকারীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে নাসিম বলেন, ‘হামলাকারী যে দলেরই হোক, তার কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধ যে করবে, সে অপরাধী। অপরাধী কোনো দলের হতে পারে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সব হত্যাকারীর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনা নিজ দলের লোকদেরও ছাড় দেননি। বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হয়েছে। খাদিজার ওপর হামলাকারীরও সঠিক বিচার হবে।
খাদিজার চিকিৎসার সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কলেজছাত্রী খাদিজা বেগমের চিকিৎসার সব ব্যয় বহন করা হবে। আমি এ ব্যাপারে স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলেছি। খাদিজার চিকিৎসার সব ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
এ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
খাদিজা সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী। ৩ অক্টোবর সোমবার পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে গিয়েছিলেন তিনি। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে খাদিজাকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগের নেতা বদরুল আলম (২৬)। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। দীর্ঘদিন ধরেই তিনি খাদিজাকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ খাদিজাকে কোপানোর দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। সেই ভিডিওটি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার নৃশংসতায় শিউরে উঠে নিজেদের মতামত প্রকাশ করছে হাজারো মানুষ।