আগের রাতেই কেন্দ্র দখল, ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের আগের রাতেই কেন্দ্র দখল ও প্রিসাইডিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে। গতকাল রোববার ওই ওয়ার্ডটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জুরুল কাদের ভোট গ্রহণ স্থগিত করে উপজেলা সদরে ফিরে যান এবং লিখিতভাবে ঘটনাটি রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেনকে অবহিত করেন।
প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুরুল কাদের মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে ২০-২৫ জনের একদল লোক ভোটকেন্দ্র উত্তর একলাশপুর কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে পড়েন। এরপর তাঁরা বিদ্যালয়ের তিনি যে কক্ষে ছিলেন ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে এক হাজার ব্যালট পেপার দিতে বলেন। এ সময় তিনি ওই লোকদের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে এক হাজার ব্যালট পেপার দিতে বাধ্য করেন। এরপর বহিরাগত ওই সব লোকজন তাঁদের পছন্দের প্রতীক ‘ফুটবল’ ও ‘ক্রিকেট ব্যাট’-এ সিল মেরে তাঁকে দিয়ে যান এবং সকালে ভোট গ্রহণের আগে ওই ব্যালট পেপারগুলো বাক্সে ঢুকিয়ে দিতে বলেন।
তবে ‘ফুটবল’ প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন দাবি করেন, তাঁর কোনো লোক ভোটকেন্দ্রের কাছেও যাননি। এটার প্রমাণ কেউ দিতে পারবে না। তিনি এমনিতেই এলাকায় জনপ্রিয়। তাঁকে হেয় করার জন্য কেউ এটা করে থাকতে পারে।