আগৈলঝাড়ায় পূজামণ্ডপে হামলা, দুজন আটক
বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় পূজামণ্ডপে গত মঙ্গলবার রাতে মাদকাসক্ত কয়েকজন যুবক হামলা চালিয়েছে। এ সময় তারা মন্দির কমিটির সভাপতি নির্মল হালদারকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ফরিদপুরে পূজামণ্ডপে হামলার চেষ্টা করায় গতকাল বুধবার এক তরুণকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জোবারপাড় দুর্গামন্দিরে অনুষ্ঠান চলাকালে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাদকসেবী ১৬-১৭ জন বখাটে মণ্ডপে ঢুকে তাদের পছন্দের গান বাজানোর নির্দেশ দেয়। এ নিয়ে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বখাটেদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি নির্মল হালদার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে বখাটেরা লাঠি দিয়ে নির্মল হালদারকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় মণ্ডপে আসা ভক্ত ও স্থানীয় লোকজন বখাটেদের ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন গোলাম রাব্বি ও শুভ হালদার নামে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয় লোকজন নির্মল হালদারকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গোলাম রাব্বি ও শুভ হালদারকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটি মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফরিদপুরে এক পূজামণ্ডপে হামলার চেষ্টা করায় শাওন (২২) নামের এক তরুণকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া দুর্গামণ্ডবে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। শাওন উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার বাসিন্দা।