আগৈলঝাড়ায় কাবিটার ৩৫ লাখ টাকা লোপাট
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির বরাদ্দের প্রায় ৩৫ লাখ টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার জন্য কাবিটা ও সাধারণ প্রকল্পে ৩৪ লাখ ৮৮ হাজার ১২৫ টাকা বরাদ্দ আসে। প্রকল্পের অধীনে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকায় ১৪টি এবং ১১ লাখ ২৫ হাজার ৬২৫ টাকার সাধারণ বরাদ্দে আরও ছয়টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ৩০ জুন কাজ শেষে এসব প্রকল্পের বিল পরিশোধ করা হয়েছে।
উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের উত্তর পাশ থেকে গোবিন্দ মন্দির পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে এক লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। এ প্রকল্পের চেয়ারম্যান বাকাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজেশ্বর রায়। বাকাল গ্রামের সুধীর দাস, পরিতোষ দাস ও নরেন্দ্র নাথ রায় জানান, কাজ না করেই রাজেশ্বর রায় প্রকল্পের পুরো বরাদ্দ আত্মসাৎ করেছেন। একইভাবে বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দিরের ইটের মাথা থেকে নওয়াপাড়া হয়ে বাকাল সীমানা পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পের দুই লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে রাজেশ্বর রায় বলেন, কাজ করার পর বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে।
রাজিহার ইউনিয়নের বাসাইল শুভুদের আকরা থেকে জিতেন হালদারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এলাকাবাসী জানান, প্রকল্পের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সহসম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলীনা রানী রায়ের স্বামী রাম কৃঞ্চ হালদার কাজ না করে বরাদ্দ আত্মসাৎ করেছেন। আকরার পুরোহিত সুবোধ চন্দ্র মজুমদার (৬৮) বলেন, আকরার সামনে থেকে কাজ শুরু করার কথা। কিন্তু প্রকল্পের চেয়ারম্যান কাজ না করে বরাদ্দের টাকা পকেটে পুরেছেন। এ বিষয়ে রাম কৃঞ্চ হালদার কথা বলতে রাজি হননি। তাঁর স্ত্রী মলীনা রানী রায় বলেন, পুরোপুরি কাজ করা হয়েছে। অতি বৃষ্টিতে কিছু ধুয়ে গেছে।
গৈলা ইউনিয়নের নগরবাড়ী আনোয়ার বিশ্বাসের বাড়ি থেকে বুদ্ধি বালার বাড়ি পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পের জন্য দুই লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়। স্থানীয়রা জানান, প্রকল্পের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. এনায়েত হোসেন। সরেজমিনে এ প্রকল্পের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এনায়েত হোসেন বলেন, অভিযোগ সত্য নয়। এ ছাড়া আগৈলঝাড়ার অধিকাংশ প্রকল্পে গিয়েও কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই সব প্রকল্পের চেয়ারম্যানরা দাবি করেন, কাজ করার পর বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে।
আগৈলঝাড়ার পিআইও শচীন্দ্র নাথ বৈদ্য বলেন, কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মূর্তজা খান বলেন, অনেক আগে কাজ সম্পন্ন করা হয়েছে। অতিবর্ষণে মাটি ধুয়ে গেছে। বরাদ্দ আত্মসাতের আভিযোগ সঠিক নয়।