আগৈলঝাড়ায় গৃহবধূর ওপর দাহ্য পদার্থ নিক্ষেপ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম এলাকায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা এক গৃহবধূকে দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে। এ ঘটনায় গতকাল সোমবার ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী গৃহবধূর নাম পারভীন বেগম (৩২)। তাঁকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ওই গৃহবধূ জানান, ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সুবাদে ২০০১ সালে উপজেলার ছয়গ্রাম গ্রামের সোহাগ ব্যাপারীর (৩৮) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরের বছর তাঁরা বিয়ে করে ছয়গ্রামে এসে বসবাস শুরু করেন। কিন্তু তাঁদের বিয়ে শ্বশুর চুন্নু ব্যাপারী ও শাশুড়ি মমতাজ বেগম মেনে নিতে পারেননি। এ কারণে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
শনিবার রাতে পারভীন প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে তিন-চার দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে দাহ্য পদার্থ ছুড়ে মারে। তাঁর চিৎকারে বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশালে নিয়ে আসেন। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির ভাড়া করা লোকজন তাঁর ওপর দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে।
এ ব্যাপারে সোহাগ ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযোগ অস্বীকার করে সোহাগের বাবা চুন্নু ব্যাপারী বলেন, ‘পারভীন আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছেন।’
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের (মহিলা) প্রধান এ এম এস এম সারফুজ্জামান বলেন, গৃহবধূর শরীরে নিক্ষিপ্ত পদার্থ কেমিক্যাল-জাতীয়। এতে তাঁর শরীরের ১০-১২ ভাগ পুড়ে গেছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় গৃহবধূ পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।