বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা ঘোড়ার মালিক ও রাখালকে মারধর করে ঘোড়াসহ তাঁদের পুলিশের কাছে সোপর্দ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিটন তালুকদারের স্ত্রী লাবণ্য আক্তার তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে বাকাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁর সমর্থক বাকাল গ্রামের সৈয়বালী গাজী ও নিতাই বিশ্বাস গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঘোড়া নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে প্রচারণা চালান। এ সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিপুল দাসের সমর্থকেরা নিতাই বিশ্বাস ও সৈয়বালীকে পিটিয়ে জখম করে ঘোড়াসহ পুলিশের কাছে সোপর্দ করেন। আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তাঁরা ঘোড়া নিয়ে অর্থের বিনিময়ে মানুষকে বিনোদন দিয়ে থাকেন। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।