আগৈলঝাড়ায় সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া থানায় দুই স্কুলছাত্রীর অভিভাবকেরা পৃথক অভিযোগ দাখিল করেছেন।
স্থানীয় লোকজন, আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই গ্রামের চন্দন সরকার ও আকাশ মণ্ডল। ওই স্কুলছাত্রী গত রোববার সকালে স্কুলে আসার পথে চন্দন সরকার ও আকাশ মণ্ডল জোরপূর্বক মুঠোফোনে তার ছবি তোলেন। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। একই গ্রামের আরেক অভিভাবক অভিযোগ করেন, অতি সম্প্রতি ওই দুই তরুণ তাঁর স্কুলছাত্রী মেয়ের ছবি তুলে এর সঙ্গে অশালীন কথা লিখে ইন্টারনেটে ছেড়ে দেন।
ওই দুই স্কুলছাত্রীর অভিভাবকেরা জানান, তাঁরা বিষয়টি চন্দনের বাবা চিত্তরঞ্জন সরকার ও আকাশ মণ্ডলের বাবা গৌরাঙ্গ মণ্ডলকে অবহিত করে বিচার দাবি করেন। দুই স্কুলছাত্রীর অভিভাবকেরা অভিযোগ করেন, সোমবার রাত নয়টার দিকে চন্দন সরকার ও আকাশ মণ্ডল পাঁচ-সাতজন সহযোগী নিয়ে এক ছাত্রীর বাড়িতে হামলা চালায় এবং বসতঘর ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘের্ষ ১৫ জন আহত হয়। আকাশ ও চন্দনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। তবে তাঁদের অভিভাবক চিত্তরঞ্জন সরকার ও গৌরাঙ্গ মণ্ডল হামলার অভিযোগ অস্বীকার করেছেন।