আগ্নেয়াস্ত্রসহ সাংসদ আমানুরের ভাতিজা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় রেজোয়ান খান ওরফে পুনমের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা অস্ত্র। ছবি: কামনাশীষ শেখর
টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় রেজোয়ান খান ওরফে পুনমের বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা অস্ত্র। ছবি: কামনাশীষ শেখর

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসা থেকে আজ শনিবার দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ রেজোয়ান খান ওরফে পুনম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া পুনম সাংসদ আমানুর রহমান খানের মামাতো ভাইয়ের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুল ইসলাম প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল আকুরটাকুর পাড়ার জেলা সদর সড়কে পুনমদের বাসভবনে অভিযান চালায়। এ সময় পুনমের ঘর তল্লাশি করে পুলিশ একটি নাইন এম এম পিস্তল, দুটি সেভেন পয়েন্ট ৬৫ পিস্তল, একটি রিভলবার, ১৭টি গুলি, চাপাতি-চাইনিজ কুড়ালসহ ২০টি দেশীয় অস্ত্র এবং ৩০টি ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তারের পর রেজোয়ান খান পুনমকে তাঁর বাড়ি থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ছবি: কামনাশীষ শেখর
গ্রেপ্তারের পর রেজোয়ান খান পুনমকে তাঁর বাড়ি থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ছবি: কামনাশীষ শেখর

পুলিশ জানায়, পুনম এক সময় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি মূলত খান পরিবারের হয়ে শহরের আকুরটাকুর এলাকার একাংশ নিয়ন্ত্রণ করতেন। তাঁর নামে টাঙ্গাইল থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

আজ বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুনমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুনম এই অস্ত্রগুলো কোথা থেকে, কীভাবে সংগ্রহ করেছেন, নাকি কেউ তাঁকে দিয়েছে—এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।