আগ্নেয়াস্ত্র দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন তেলিরচরের জনতা বাজার এলাকা থেকে দুজনকে ধরে নিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
ওই দুজন হলেন মো. হারুন ও মো. স্বপন। স্থানীয় কয়েকজন বলেন, দুজনকে ধরে নেওয়ার সময় স্থানীয় চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মিলাদ উদ্দিনকে মারধর করা হয়। চরে আধিপত্য নিয়ন্ত্রণের জের ধরে জলদস্যু খোকন বাহিনী এ ঘটনা ঘটিয়েছে।
চর আবদুল্লাহ ইউপির চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে জলদস্যু খোকন বাহিনীর ২৫-৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে জনতা বাজার এলাকায় হামলা করেন। তখন ইউপি সদস্য মিলাদ উদ্দিন এলাকার লোকজন নিয়ে তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা মিলাদকে মারধর করেন এবং হারুন ও স্বপনকে তুলে নিয়ে যান। পরে হারুন ও স্বপনকে একটি দেশীয় বন্দুক ও একটি কিরিচ দিয়ে চরগজারিয়ার ক্যাম্পের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চরগজারিয়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, জনতা বাজার এলাকার লোকজন মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্রসহ হারুন ও স্বপনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই সময় তাঁদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কিরিচ, তিনটি কার্তুজ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
রামগতি থানার এসআই আজিজুর রহমান বলেন, হারুন ও স্বপনকে গতকাল রামগতি থানায় আনা হয়েছে। তিনি নিজে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজিজুর আরও বলেন, জনতা হারুন ও স্বপনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করার পর মিলাদ তাঁদের ছাড়াতে যান। সে সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করেন। এ বিষয়ে মিলাদ উদ্দিনের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।