আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে দুটি আগ্নেয়াস্ত্র, ২১টি গুলিসহ জেলা যুবদলের সহসভাপতি ও নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনকে (৩৫) পুলিশ গতকাল রোববার গ্রেপ্তার করেছে।

নাটোর সদর থানার পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে শহরের চৌকিরপাড় এলাকা থেকে গোয়েন্দা পুলিশ সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে। তিনি একই এলাকার মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রফিকুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের চৌকিরপাড় এলাকায় সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁর বাড়ির এলাকা ঘিরে ফেলে এবং তাঁকে গ্রেপ্তার করে। পরে সাজ্জাদ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দোনলা বন্দুক ও ২১টি গুলি উদ্ধার করে। সাজ্জাদ একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।