আগ্রাবাদে আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিজিএস কলোনি এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় গতকাল বুধবার ডবলমুরিং থানায় দুটি মামলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জামসেদ নামের এক যুবক আহত হন। জামসেদ ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।
ওয়ার্ড কাউন্সিলর সোহেল ও লিমন স্থানীয় রাজনীতিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। লিমন নগরের সিআরবি এলাকার জোড়া খুনের মামলার আসামি।
পুলিশ জানায়, হামলায় আহত জামসেদের মা রহিমা বেগম গতকাল ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে নগর ছাত্রলীগের সাবেক সদস্য এ বি এম মাসুমকে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এ বি এম মাসুমের বোন শাহনাজ সিদ্দিকা আরেকটি মামলা করেন। এই মামলায় সুমন, জালাল ও বাবুলসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর এইচ এম সোহেল বলেন, ‘কিছু ছেলে চাঁদাবাজি করে। তারা লিমনের লোক। তারা জামসেদকে কুপিয়ে আহত করেছে।’
ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম মাসুম প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর সোহেল ও লিমনের অনুসারীরা সিজিএস কলোনির মাঠে অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি করেছে। এরপর আমার বাসা তছনছ করে উল্টো আমাকে একটি মামলায় এক নম্বর আসামি করেছে।’ তিনি বলেন, ‘আমি মহিউদ্দিন ভাইয়ের (নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী) সঙ্গে আছি। এই পাল্টাপাল্টি হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে কেন আসামি করা হয়েছে ও আমার বাসা কেন ভাঙচুর করা হয়েছে, তা জানি না।’
সাইফুল আলম ওরফে লিমন বলেন, ‘আগ্রাবাদ কিংবা আশপাশে কিছু ঘটলে আমাকে টেনে আনা হয়। আমি ঘটনার শিকার।’