কক্সবাজারের মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে মহেশখালী থানায় মেসে সেহ্রি খেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের ভাড়া বাসায় যাচ্ছিলেন এসআই তাজুল। ভাড়া বাসার ফটকে পৌঁছার পরপরই দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাজুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসআই তাজুল এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রানা চৌধুরী জানান, তাজুলের মাথা, মুখ, পিঠ ও বাঁ চোখে ধারালো অস্ত্রের আঘাতের ছয়টি চিহ্ন আছে। তাঁর ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জানান, তাজুলের বাঁ চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ কামাল (২২), নেজাম উদ্দিন (৩৪), মোহাম্মদ সুলতান (২৫) ও মোহাম্মদ ফিরোজকে (৩০) আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বলেন, সম্প্রতি তাজুল এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়েছেন। এ ছাড়া কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। এসব কারণে মাদক ব্যবসায়ীরা তাজুলের ওপর ক্ষিপ্ত ছিল। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।