কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর বিট কর্মকর্তা চান মিয়া (৪৫) ও বনপ্রহরী আবু জাহেদকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বনদস্যুরা। এতে বন বিভাগের চান মিয়ার বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের মুকবেকি এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম ভূঁইয়া বলেন, নাসির উদ্দিনের নেতৃত্বে একদল বনদস্যু মুকবেকি এলাকায় সংরক্ষিত বনের সেগুনগাছ কেটে বাইরে পাচার করছে—এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চান মিয়া ও আবু জাহেদ ঘটনাস্থলে যান। এ সময় বনদস্যুরা তাঁদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার সকালে চান মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় গতকাল নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন শাপলাপুর বিটের বনপ্রহরী আমির হোসেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইশতিয়াক খালেদ বলেন, চান মিয়ার মাথায় ও পিঠের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর বাঁ হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বলেন, বনকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত বনদস্যুদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।