আঙুলে সুচ ঢুকিয়ে, শরীরে ছ্যাঁকা দিয়ে নির্যাতন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ভাওয়াল গ্রামে সুমা আক্তার (১৬) নামের এক গৃহবধূকে হাতের আঙুলের নিচে সুচ ঢুকিয়ে এবং শরীরে সিগারেটের ছ্যাঁকা স্বামী ও তাঁর পরিবারের লোকজন নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমা আক্তার বলে, ‘স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে যৌতুকের জন্য নির্যাতন সইতে হয়েছে। ঘটনার দিন ২১ মে রাত সাড়ে ১১টার দিকে স্বামী মোজাম্মেল মিয়া, দেবর মণি হোসেন, শাশুড়ি শাহানা আক্তার ও নানিশাশুড়ি মহিলা বেগম আমার হাত-পা বেঁধে মারপিট শুরু করেন। এ সময় আমার ডান হাতের তিন আঙুলের নখের নিচে গরম সুচ ঢুকিয়ে দেওয়া হয়। শরীরের বিভিন্ন জায়গায় জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। পরদিন ভোরবেলায় কৌশলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসে নৌকাযোগে তাড়াইল আসার পর বাবার বাড়িতে চলে যাই। সেখানে স্থানীয়ভাবে আমাকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় বাবাসহ স্থানীয় লোকজন ২৩ মে আমাকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’
সুমার মা নাজমা আক্তার (৪৫) বলেন, ‘বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন শুরু করে। নির্যাতন করার বিষয়টি মোবাইলে একাধিকবার মেয়ে আমাকে জানিয়েছে।’ তিনি আরও বলেন, সুমার পেটে, পিঠে ও ঊরুর নিচে সিগারেটের ছ্যাঁকার চিহ্ন রয়েছে।
সুমার বাবা আবদুল জলিল বলেন, ২৩ মে সুমাকে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। গত সোমবার সুমাকে জেলা হাসপাতাল থেকে ছাড়া হয়। তিনি আর বলেন, ‘এ ঘটনায় আমি আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
জানতে চাইলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মোমিনুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২৩ মে সুমা নামের এক মেয়েকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শরীরে ক্ষত ছিল। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।
সরেজমিনে জানা গেছে, সুমা আক্তার তাঁর মা-বাবার সঙ্গে ঢাকার কচুখেত এলাকায় থাকতেন। পাশাপাশি একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরির সুবাদে কিশোরগঞ্জের ইটনা উপজেলার থানেশ্বর গ্রামের বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে মোজাম্মেল মিয়ার (১৯) সঙ্গে সুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোজাম্মেল কচুখেত এলাকায় রিকশা চালাতেন। ২০১৪ সালের অক্টোবর মাসে মোজাম্মেল ও সুমা আদালতে গিয়ে বিয়ে করেন। এরপর সুমাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।
মোজাম্মেল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সুমাকে লাঠি দিয়ে আঘাত করার সময় ওর আঙুলে লাগে। এ সময় আমার হাতে থাকা বিড়ির আগুন সুমার বাঁ হাতে লেগে পুড়ে যায়।’