আঙুলের ছাপ নকল করে পাসপোর্ট জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টও জাল হচ্ছে। পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের অভ্যন্তরীণ প্রাথমিক তদন্তে এ ঘটনা ধরা পড়েছে। আঙুলের ছাপ নকল করে এসব পাসপোর্ট জাল করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে অধিদপ্তর।
জানতে চাইলে পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান প্রথম আলোর কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোট কতটি পাসপোর্ট জাল হয়েছে, সে ব্যাপারে তাঁরা এখনো নিশ্চিত হতে পারেননি।
এর আগে গত বছরের মার্চ মাসে যন্ত্রে পাঠযোগ্য সরকারি (অফিশিয়াল) পাসপোর্ট জাল হওয়ার বিষয়টি ধরা পড়ে। সে সময় অধিদপ্তর তদন্ত করে ১৫০টি জাল পাসপোর্ট জব্দ করে। এ ঘটনায় একজন পরিচালকসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় দায়ের করা মামলা এখনো চলছে।
পাসপোর্ট অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল এমআরপি জাল হচ্ছে। এক নামে একাধিক পাসপোর্টও ইস্যু করা হচ্ছে। কিন্তু কেউ বিষয়টি নিশ্চিত হতে পারছিলেন না। গত ১ আগস্ট প্রথম এই বিষয়টি কর্মকর্তাদের চোখে ধরা পড়ে। এরপর অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৮ অক্টোবর চারজনকে অভিযুক্ত করে বরখাস্ত করা হয়। যে চারজনকে বরখাস্ত করা হয় তাঁরা হলেন নিম্নমান সহকারী রাশেদা খাতুন, আলী আশরাফ, মাহমুদুল হাসান ও লিখন খান।
তদন্তের ব্যাপারে জানতে চাইলে সেলিনা বানু প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তিনি ১১টি জাল পাসপোর্ট করার তথ্য-প্রমাণ হাতে পেয়েছেন। এর ভিত্তিতে প্রতিবেদন দিয়েছেন। তবে জাল পাসপোর্টের সংখ্যা অনেক বেশি বলে তিনি মনে করেন।
যেভাবে জাল হয়েছে
এমআর পাসপোর্ট নিতে হলে দুই হাতের বৃদ্ধ ও তর্জনীর ছাপ দিতে হয়। ‘আফিস’ (এএফআইএস) নামে একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয় একজনের আঙুলের ছাপ দিয়ে একাধিক পাসপোর্ট আছে কি না। এই যন্ত্রটি প্রতিটি মানুষের আঙুলের ছাপকে আলাদা করে। যদি এক ব্যক্তির একাধিক ছাপ থাকে, তবে যন্ত্র সেটি শনাক্ত করে। পাসপোর্ট অধিদপ্তরের চক্রটি যন্ত্রের এই নজরদারি এিড়য়েছে অভিনব পদ্ধতিতে। নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর বদলে তারা ছাপ দিয়েছে মধ্যমা ও অনামিকার। এভাবে এক নামে একাধিক পাসপোর্ট নেওয়া সহজ হয়েছে।
চারজনের চক্র
অধিদপ্তরের প্রাথমিক তদন্তে তথ্য-প্রমাণ মিলেছে, এই চক্রের মূল ব্যক্তি পাসপোর্ট অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালকের গাড়িচালক মো. মহসিন। তাঁর স্ত্রী রাশেদা অধিদপ্তরের নিম্নমান সহকারী। রাশেদার সঙ্গে যুক্ত হয়েছেন তিন কর্মচারী আলী আশরাফ, মাহমুদুল হাসান ও লিখন খান। পাসপোর্ট করার জন্য লোক সংগ্রহের কাজটি করেন মহসিন। এরপর রাশেদা ও তাঁর দল জাল পাসপোর্ট করার ব্যবস্থা করে দেন। প্রতিটি লোকের কাছ থেকে ফি ছাড়াও তাঁরা আদায় করেন ১০ হাজার টাকা করে।
রাশেদা ও অন্য তিনজনের সঙ্গে কথা বলতে গতকাল পাসপোর্ট অধিদপ্তরে গেলে তাঁদের কার্যালয় থেকে বলা হয়, সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে তাঁরা দপ্তরে আসছেন না। রাশেদার ফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
অফিশিয়াল পাসপোর্ট জালের ঘটনা উদ্ঘাটন হওয়ার পর জোর সন্দেহ হয়, সন্ত্রাসী বা জঙ্গিরা জাল এমআরপি ব্যবহার করছে। র্যা বের এক অভিযানে তার প্রমাণও মেলে। ২১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, জঙ্গি সারোয়ার জাহান ওরফে আবদুর রহমানের পাসপোর্টে যে ঠিকানা দেওয়া রয়েছে, তা এসবি পুলিশ দিয়ে যাচাই করার পরই দেওয়া হয়েছিল। কিন্তু সেই ঠিকানায় তার সন্ধান মেলেনি।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অভিবাসন গবেষণা সংস্থা ‘রামরু’র চেয়ারম্যান তাসনীম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এটা খুবই ভয়ংকর সংবাদ। পুরো দেশের জন্য এটা বিপজ্জনক। আর অভিবাসীদের জন্য তো খুবই মারাত্মক খবর এটা। কারণ, একজন অভিবাসী বুঝবে না যে সে জাল পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাচ্ছে কি না। কিন্তু বাইরে গিয়ে সে সমস্যায় পড়বে।