আচরণবিধি লঙ্ঘন করে আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বীর পক্ষে গতকাল বুধবার মিছিল হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই মিছিল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনের আচরণবিধির ৪ ধারা অনুযায়ী, নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিংবা অন্য কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। সেই হিসাবে ৯ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে গতকাল বিকেল পাঁচটার দিকে ফজলে রাব্বীর পক্ষে মিছিল বের করা হয়। এতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুবায়েত হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা ‘নৌকা নৌকা, রাব্বী ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দেন। পরে মিছিলটি ফজলে রাব্বীর বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
এ ব্যাপারে ফজলে রাব্বী বলেন, ‘আমার বাড়িতে মিলাদ মাহফিল ছিল। সেখানে আসার পথে কেউ এমনটি করতে পারে। তবে আমার বিষয়টি জানা নেই। কেউ মিছিল করে থাকলে আমি তাদের সতর্ক করে দেব।’
সোনারগাঁয়ের রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, ‘আচরণবিধি অনুযায়ী এখন কারও পক্ষে প্রচারণার সুযোগ নেই। কেউ তা করলে আমরা তাঁকে সতর্ক করে দেব।’