আচরণবিধি লঙ্ঘন করে আ.লীগ প্রার্থীর প্রচারণা
রাজশাহীর বাগমারার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই প্রতীকসংবলিত ব্যানার টাঙিয়ে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে। তবে ব্যানারে প্রার্থী ও প্রতীকের ছবি দেওয়া হলেও দলীয় প্রধানের ছবি দেওয়া হয়নি। তাঁর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্থানীয় অন্য নেতারাও।
বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঘোষিত তফসিল অনুসারে চতুর্থ ধাপে আগামী ৭ মে উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের আগে প্রতীকসংবলিত পোস্টার, ফেস্টুন বা ব্যানার ছাপিয়ে প্রচারণা করা আচরণবিধি লঙ্ঘন।
গত সোমবার দুপুরে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের কয়েকটি স্থানে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিকের ডিজিটাল ব্যানার ঝুলতে দেখা যায়। ইউনিয়নের হুলিখালী, খাঁপুর, দ্বীপপুর কালিতলা, লাউবাড়িয়া ও পীরগঞ্জ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে রশি দিয়ে এসব ব্যানার ঝোলানো হয়েছে। সেখানে প্রার্থী বিকাশ চন্দ্র ভৌমিক ও তাঁর দলীয় প্রতীক নৌকার ছবি দিয়ে ভোট চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্যানারগুলো ঝুলতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন, দেলশাদ আলীসহ অন্তত ১২ ব্যক্তি বলেন, গত শনিবার চেয়ারম্যানের সমর্থকেরা এসব ব্যানার টানান। তাঁর কর্মী-সমর্থকেরা নৌকা প্রতীকে এলাকায় ভোট চেয়ে প্রচারণাও চালাচ্ছেন।
দ্বীপপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মকলেছুর রহমান ওরফে দুলাল অভিযোগ করেন, শুরুতেই আওয়ামী লীগের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের আগেই বিকাশ চন্দ্র প্রতীকসংবলিত ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ‘আমি আনারস প্রতীক চেয়ে আবেদন করেছি। এই প্রতীক অন্য কোনো প্রার্থী চাননি। সে ক্ষেত্রে আমিও তো প্রতীকসংবলিত পোস্টার, ব্যানার করে প্রচারণা চালাতে পারতাম।’ তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগও করেছেন বলে জানান। বিএনপির প্রার্থী আবুল কালামও একই ধরনের অভিযোগ করেছেন।
দ্বীপপুর ইউনিয়নের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বিকাশ চন্দ্র ভৌমিক অভিযোগ স্বীকার করে বলেন, আগে তিনি বিষয়টি জানতেন না। পরে নির্বাচন কর্মকর্তা এসব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার পরামর্শ দিলে তা সরিয়ে ফেলেন। তবে গতকাল পর্যন্ত কমপক্ষে ২৫টি স্থানে প্রতীকসংবলিত এসব ব্যানার ঝুলতে দেখা যায়।
আওয়ামী লীগের দ্বীপপুর ইউনিয়ন শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, শুরুতে এভাবে আচরণবিধি লঙ্ঘন করা উচিত হয়নি। এ ছাড়া তিনি (বিকাশ চন্দ্র ভৌমিক) আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেও ব্যানারে দলীয় প্রধানের ছবি না দিয়ে তাঁকে (দলীয় প্রধানকে) অবমাননা করেছেন।
বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিকাশ দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থীর আগাম ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তিনি সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন।