আচরণবিধি লঙ্ঘন : সেনবাগে ১৫ প্রার্থীর জরিমানা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নোয়াখালীর সেনবাগে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন প্রার্থীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলার কেশাপাড় ও ডমুরুয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান চলে।
আদালত সূত্রে জানা গেছে, আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীকে তিন হাজার টাকা করে এবং সংরক্ষিত নারী আসন ও সাধারণ ওয়ার্ডের ১০ জন প্রার্থীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা নিশ্চিত করেন সেনবাগ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নেহাশীস দাশ। প্রথম আলোকে তিনি বলেন, অভিযুক্ত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগিয়েছিলেন, তাই তাঁদের জরিমানা করা হয়েছে এবং প্রত্যেককে সতর্ক করে দেওয়া হয়েছে।
২৮ মে সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।