ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে সরকারি বাসভবনে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের কাছে তাঁর পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে পরিষদের চেয়ারম্যানের সরকারি বাসভবনে পরমেশ্বর্দী ও রুপাপাত ইউপির চেয়ারম্যান ও সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। অভিযোগ উঠেছে, ওই সভায় জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশাররফ হোসেন চৌধুরীর পক্ষে ভোট চান এম এম মোশাররফ হোসেন। এ ছাড়া তিনি ওই প্রার্থীর সমর্থনে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান। পরে সরকারি ওই বাসভবনেই আমন্ত্রিত লোকজনের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এই ওয়ার্ডে সদস্য পদে আওয়ামী লীগের দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি কালাম মোল্লা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
এম এম মোশাররফ হোসেনকে উদ্ধৃত করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় যোগদানকারী পাঁচ ব্যক্তি বলেন, ‘আমি একজন প্রার্থী দিয়েছি। তাঁর প্রতি খেয়াল রাখবেন। আর আমি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের কাছে ভোট চাইব।’ অনুষ্ঠানে তাঁর পছন্দের প্রার্থী মোশাররফ হোসেন চৌধুরীও বক্তব্য দেন।
ওই ব্যক্তিরা আরও বলেন, ‘এই ওয়ার্ডে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান পৃথক দুই ব্যক্তিকে সমর্থন দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। কেন যে ওই দুই নেতা একত্রে আলোচনা করে একক প্রার্থী দেননি, তা বুঝতে পারছি না।’
জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ৬ নম্বর ধারার ‘খ’ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপক্ষে প্রচারণার স্থান হিসেবে সরকারি সার্কিট হাউস, ডাকবাংলো, রেস্ট হাউস, কোনো সরকারি কার্যালয় ব্যবহার করা যাবে না।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারি ওই ভবনে আমি পরিবার-পরিজন নিয়ে বসবাস করি না। তবে মাঝেমধ্যে অফিস হিসেবে ব্যবহার করি। যেহেতু আমি ওই ভবনে বসবাস করি না, সে জন্য ওই সভা আহ্বানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়নি।’
জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘সরকারি বাসভবনে সভা ডেকে ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। এর ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়। এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’