আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, দায়িত্ব এড়াচ্ছে কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন কারও বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, এমন বক্তব্য দিয়ে কমিশন দায়িত্ব এড়াতে চাইছে।

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে এ কথা বলা হয়।  সংবাদ সম্মেলনে সুজনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হামিদা হোসেন বলেন, পৌর নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থী, মন্ত্রী, সাংসদ কর্তৃক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের উচিত নিজ উদ্যোগে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখা, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার ভোটারদের বাক্‌স্বাধীনতার অংশ। নির্বাচন কমিশনের উচিত ভোটারদের জন্য প্রার্থীদের এসব তথ্য তুলে ধরা। হলফনামায় ভুল তথ্য দেওয়া হয়েছে কি না, তা কমিশনের খতিয়ে দেখা দরকার।

প্রার্থীদের তথ্য-উপাত্ত তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, এই নির্বাচনটি কেমন হবে, তা নিয়ে জনমনে সংশয় আছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা এই সন্দেহ ও সংশয়কে আরও বাড়িয়ে দিয়েছে। জনবল থাকা সত্ত্বেও ২৩৪টি পৌরসভার মধ্যে ১৭৫টিতে জনপ্রশাসন থেকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র দাখিল করা থেকে বিরত রাখা ও মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। একটি পৌরসভায় দল থেকে একাধিক মনোনয়নপত্র দাখিল হলে সব মনোনয়নপত্র বাতিল হওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগের ক্ষেত্রে তিনটি পৌরসভায় তা হয়নি। কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করেছেন। জোর খাটিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগও উঠেছে। এসব ক্ষেত্রে নির্বাচন কমিশন তদন্ত করে দেখেনি।

প্রার্থীদের মামলা সম্পর্কে সংবাদ সম্মেলনে বলা হয়, ৯০৪ মেয়র প্রার্থীর মধ্যে ২১৯ জনের বিরুদ্ধে বর্তমানে, ৩২১ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। এঁদের মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে বর্তমানে, ৬১ জনের বিরুদ্ধে অতীতে এবং ৫ জনের বিরুদ্ধে উভয় সময়ে ৩০২ ধারায় মামলা (হত্যা মামলা) ছিল বা আছে। আওয়ামী লীগ প্রার্থীদের তুলনায় বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে মামলা বেশি।

মেয়র প্রার্থীদের মধ্যে ৩৪১ জন স্নাতক বা স্নাতকোত্তর পাস। ২২৪ জন বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। উচ্চশিক্ষিত প্রার্থীর ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির অবস্থা প্রায় সমান।নিরক্ষর বা স্বল্পশিক্ষিত প্রার্থীর শতকরা হার আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে সামান্য বেশি। 

প্রার্থীদের আয় সম্পর্কে বলা হয়, ৬৩৪ জন মেয়র প্রার্থী বছরে ৫ লাখ টাকা বা তার কম আয় করেন। আয়কর দেন ৭২৯ জন। মেয়র প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা ৪৭ জন। বছরে কোটি টাকার বেশি আয় করেন আটজন। মোট মেয়র প্রার্থীর মধ্যে ৬৫২ জন ব্যবসায়ী। আওয়ামী লীগের চেয়ে বিএনপির প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর হার প্রায় ৪ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে সুজনের নির্বাহী সদস্য সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।