আজমিরীগঞ্জে তরুণ খুন
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামে গতকাল শুক্রবার ভোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। ইব্রাহিম ওই গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবাগ গ্রামের মাজারে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওরসকে ঘিরে মেলা ও বাউলগানের আসর বসেছে। গতকাল ভোরে পশ্চিমবাড় গ্রামের ইব্রাহিম মিয়ার সঙ্গে মেলায় একই এলাকার হালিম মিয়া ও আলীশ উদ্দিনের ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৪) গুরুতর আহত হন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে হালিম মিয়া ও আলীম উদ্দিনকে আটক করে পুলিশে দেন। ইব্রাহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিবপাশা গ্রামের হালিম মিয়া (২০) ও আলীম উদ্দিনকে (১৯) আটক করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।