আজমেরী ওসমানকে গ্রেপ্তার দাবি ত্বকী মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের ভাতিজা ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। একই সঙ্গে এই হত্যাকাণ্ড ধামাচাপা দিয়ে ‘জজ মিয়া’ নাটক তৈরির অপচেষ্টাকারীদেরও একদিন বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ত্বকী মঞ্চ।
গতকাল রোববার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিষয়টি নিয়ে ধূম্রজাল তৈরির জন্য সম্প্রতি এই হত্যার অভিযোগে অভিযুক্ত ওসমান পরিবার তাদের অনুগত সংবাদকর্মীদের নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের পুরোনো কিছু কথা দুই বছর পরে আজ নতুন করে উপস্থাপন করে তারা এ হত্যায় “জজ মিয়া” নাটক তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সম্প্রতি কয়েকটি পত্রপত্রিকায় এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে হত্যার অভিযোগ থেকে অভিযুক্ত পরিবারটিকে রক্ষায় যে এ মিশন, তা স্পষ্ট হয়ে উঠেছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন করে ত্বকী হত্যা নিয়ে বিতর্ক তৈরি করে কোনো লাভ হবে না। এসব করে ত্বকী হত্যার বিচার বিলম্বিত করা গেলেও কোনোভাবেই তা বন্ধ করা যাবে না। আমরা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানতে চাই, ১৬৪ ধারায় জবানবন্দিতে ত্বকী হত্যায় নেতৃত্বদানকারী হিসেবে আজমেরী ওসমানের নাম এলেও প্রকাশ্যে ও আপনাদের সামনে ঘুরে বেড়াতে পারে কীভাবে? দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং ত্বকী হত্যার অভিযোগপত্র প্রদানের জোর দাবি জানাচ্ছি।’
নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয়। দুই দিন পর ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার নদীর নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে তার লাশ পাওয়া যায়।