আজারবাইজানে সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ আজারবাইজানে সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার আজারবাইজান-ইরান সীমান্তে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
আজারবাইজান সীমান্তরক্ষীদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে আজারবাইজানের দক্ষিণ সীমান্তে ইয়ারদিমলি জেলায় এ ঘটনা ঘটে। আট থেকে ১০ জনের সশস্ত্র একটি দল ওই সীমান্ত পাড়ি দিয়ে ইরানে যাচ্ছিল। ওই দলে বাংলাদেশ ও আজারবাইজানের নাগরিক ছিলেন। সীমান্ত আইন লঙ্ঘন করায় ফাঁকা গুলি ছুড়ে ওই দলকে সতর্ক করা হলেও তাঁরা তা উপেক্ষা করে। পরে গুলিতে পাঁচজন নিহত হন। আর আটক করা হয় দুজনকে।
পরিপূর্ণ তথ্য না দিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে বাংলাদেশের ও আজারবাইজানের নাগরিক আছেন।
এর আগে আজারবাইজানের গণমাধ্যমে বলা হয়েছিল, ইরানের সীমান্তে মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি ও ভারতীয়কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল।