আজিমপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কোচিং সেন্টারে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাজধানীর আজিমপুরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক গাজী আবদুল মালেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে আজিমপুর চায়না গলিতে ‘উদ্ভাস’ কোচিং সেন্টারে কয়েকজন যুবক গিয়ে মালিকের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। মালিক তাদের তিন হাজার টাকা দেন। কিন্তু আরও সাত হাজার টাকার জন্য চাপাচাপি করতে থাকে যুবকেরা। এর মধ্যে কোচিং সেন্টারের একজন কর্মচারী বের হয়ে গলির কিছুটা দূরে থাকা গাজী আবদুল মালেককে বিষয়টি জানান। আবদুল মালেক ফোনে ওই যুবকদের একজনের সঙ্গে কথা বলে চলে যেতে বলেন।
এরই মধ্যে ওই যুবকেরা কোচিং সেন্টার থেকে বের হয়ে গলিতে থাকা আবদুল মালেককে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে এবং কোচিং সেন্টারে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা প্রথম আলোকে বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি।’
তবে কমিটিরই একজন নেতা জানান, হামলাকারীরা সরকারদলীয় একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘একজন লোক আহত হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’