আঞ্চলিক কার্যালয় ও ফিড মিল বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গতকাল বুধবার কাজী ফার্মস গ্রুপের ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কার্যালয় ও একটি ফিড মিলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে তিনটি শ্রমিক সংগঠন।

এর আগে একই কারণে ওই গ্রুপের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হবিবপুর পোলট্রি হ্যাচারির কার্যক্রম বন্ধ করে দিয়েছিল ওই তিন শ্রমিক সংগঠন।
কাজী ফার্মস গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মো. ফারুক হোসেন অভিযোগ করেন, সোমবার রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাসে চড়ে কয়েকজন দুর্বৃত্ত কাজী ফার্মস গ্রুপের গোয়ালপাড়ার আঞ্চলিক কার্যালয়ের ফটকে এসে কর্মরত ব্যক্তিদের মারধর করার হুমকি দেয়। পরে তারা ভোর সোয়া চারটার দিকে মূল ফটকে তালা লাগিয়ে দেয়। এরপর সকালে তারা সালন্দরের ফিড মিল ও আউলিয়াপুর এলাকার ওয়াশিং সেন্টারেও তালা লাগিয়ে দেয়। সে সময় দুর্বৃত্তরা সালন্দরের কর্মী-কর্মকর্তাদের একটি মেসে গিয়ে রান্না করা খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলে। দুপুর পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত আঞ্চলিক কার্যালয়ের ফটকে অবস্থান নিয়ে নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ভাঙচুর করে। পরে তারা সালন্দর ফিড মিল এলাকায় পাহারা বসিয়ে যানবাহন ও শ্রমিক-কর্মকর্তাদের মিলে প্রবেশে বাধা দেয়। এসব কর্মকাণ্ড ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানশ্রমিক ইউনিয়নের সভাপতি জয়ন উদ্দিন, সাধারণ সম্পাদক ভুট্টো মিয়ার নেতৃত্বে চলছে বলে দাবি করেন তিনি।
কাজী ফার্মস গ্রুপের প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী শেখ ফয়সাল আলম জানান, শ্রমিক ছাঁটাই বা বদলি বিষয়টি শ্রমিক সংগঠনগুলোর এ আন্দোলনের মূল কারণ নয়। সংগঠনের নেতারা কাজী ফার্মসের প্রতিটি যানবাহন থেকে দৈনিক ২০০ টাকা করে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা এসব কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে।
এ বিষয়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও কাজী ফার্মসবিরোধী সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. জয়ন উদ্দিন জানান, কাজী ফার্মস গ্রুপের কোনো কার্যালয় ও ফিড মিলে গিয়ে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি। শ্রমিকেরা নির্ধারিত কর্মসূচি মানববন্ধন ও কর্মবিরতি পালন করতে সালন্দরের ফিড মিলের সামনে গিয়েছিলেন।
কাজী ফার্মস কর্তৃপক্ষ নিজেরাই কার্যালয় ও মিলে তালা লাগিয়ে দিয়েছে। তারা যেন কিছু ঘটিয়ে শ্রমিকদের নামে চাপাতে না পারে, সে জন্য কয়েকজন শ্রমিককে সেখানে বসিয়ে নজর রাখা হচ্ছে বলে দাবি করেন তিনি।