আঞ্চলিক মহাসড়কের জমির মাটি বিক্রি
রাজবাড়ী সদর উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, মূল সড়ক থেকে উভয় পাশের ৫৫ ফুট পর্যন্ত জমি সড়ক বিভাগের। এ ছাড়া এই সীমানার পর ৩০ ফুট পর্যন্ত ব্যক্তিমালিকানার জমিতেও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কিনারায় পুকুর খনন করা হয়েছে। এতে করে ওই সব স্থানে রাস্তা ধসে গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে সওজের কর্মকর্তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।
সরেজমিনে দেখা যায়, সড়কের পাশের মাটি কাটা হচ্ছে। তিনটি ট্রাক মূল রাস্তায় দাঁড়িয়ে আছে মাটি নেওয়ার জন্য। রাস্তার পাশে মাটি কাটার স্থানে মাটি তোলার জন্য একটি ট্রাক দাঁড়ানো। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বাড়ির পাশে আঞ্চলিক সড়কের জায়গা থেকে মাটি বিক্রি করছেন। বালু ব্যবসায়ী আবদুল হাকিম মণ্ডল মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে নিচ্ছেন। এসব মাটি তিনি ট্রাক ও ইঞ্জিনচালিত অবৈধ যান ব্যবহার করে নিয়ে যাচ্ছেন।
রফিকুল ইসলাম বলেন, ‘পুকুরে কম গভীরতা থাকায় পানি থাকে না। এ জন্য গভীরতা বাড়াতে মাটি কাটা হচ্ছে। কিন্তু আমি প্রথম থেকেই রাস্তার জায়গা বাদ দিয়ে মাটি কাটার কথা বলেছি। বালু ব্যবসায়ী কিছু হবে না বলে রাস্তার জমি থেকে মাটি কেটেছে।’
বালু ব্যবসায়ী আবদুল হাকিম মণ্ডল বলেন, তিনি পুকুর কেটে দেওয়ার শর্তে টাকা ছাড়াই মাটি নিচ্ছেন। তবে সড়কের জমি থেকে মাটি কাটার বিষয়টি তাঁর জানা ছিল না। অফিসের লোকজন সীমানা নির্ধারণ করে দেওয়ার পর তিনি গর্ত ভরে দিচ্ছেন। ২২ মে থেকে মাটি কাটা শুরু করেছেন বলে তিনি জানান।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মির্জা কবির বলেন, রাস্তার জমি থেকে মাটি কাটার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে সীমানা চিহ্নিত করা হয়েছিল। কিন্তু চলে আসার পর আবারও মাটি কাটা শুরু হয়েছে।