নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নাগরিয়াকান্দি এলাকার জহিরুল ইসলাম (২৭) ও গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার রাকিব মিয়া (২৫)। আহত হোসেনের (২৩) বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
পুলিশের দাবি, হতাহত ব্যক্তিরা ওই দিন সন্ধ্যায় শহরের ভাগদী এলাকায় ঘটা জোড়া খুনের মামলার আসামি।
বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভাগদী এলাকায় খোকন খন্দকার (৩২) ও আরিফ খন্দকার (৩৫) নামের দুই বন্ধুকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। চাঁদাবাজির প্রতিবাদ করায় তাঁদের গুলি করে হত্যা করা হয় বলে তাঁদের পরিবার ও পুলিশ জানিয়েছে। এই ঘটনায় রাত ১০টার দিকে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করেন খোকনের বড় ভাই সেলিম খন্দকার।
সদর মডেল থানা-পুলিশ বলেছে, মামলা হওয়ার পর রাত দুইটার দিকে পুলিশ খবর পায়, নাগরিয়াকান্দি এলাকায় ৮-১০ জন আসামি অবস্থান করছেন। পুলিশের অভিযান টের পেয়ে আসামিরা গুলি ছোড়েন। পুলিশও গুলি চালায়। বন্দুকযুদ্ধ শেষে জহিরুল, রাকিব ও হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। গুলিবিদ্ধ তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সেখানে রাকিব মিয়া মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আহত হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ভোরে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বন্দুকযুদ্ধে হতাহত ব্যক্তিরা অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলার আসামি। বন্দুকযুদ্ধে মনিরুল ও মাজেদুর নামের দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, রাতে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসে পুলিশ। এর মধ্যে জহিরুলকে মৃত অবস্থায় আনা হয়। তাঁর বুকে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। রাকিবের বাঁ পায়ে হাঁটুর ওপরে এবং হোসেনের ডান পায়ে হাঁটুর ওপরে একটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই হাসপাতাল মর্গে গিয়ে দেখা গেছে, সেখানে জহিরুলের লাশ রাখা রয়েছে। মর্গের কাছে অবস্থান করছিলেন শামসুন্নাহার নামের এক নারী। তিনি জহিরুলের প্রতিবেশী উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘ভয়ে জহিরুলের মা হাসপাতালে আসেননি। তিনি আমাদের পাঠিয়েছেন। জহিরুল ও তাঁর মা জায়েদা বেগম নাগরিয়াকান্দি এলাকার সফিউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।’
শামসুন্নাহারের মুঠোফোনে জহিরুলের মা জায়েদা বেগমের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার ছেলে রিকশা চালাত। সে কাউকে খুন করেছে কি না বা পুলিশ আমার ছেলেকে কেন গুলি করেছে, তা আমি জানি না।’ গতকাল সন্ধ্যায় পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় জহিরুলের লাশ তাঁর মা জায়েদার কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে খোকন ও আরিফ খন্দকারের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। বিকেল পাঁচটায় জানাজা শেষে ভাগদী কবরস্থানে তাঁদের লাশ পাশাপাশি দাফন করা হয়।