আট জুয়াড়িকে ছাড়িয়ে নিলেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সেই আলোকিত স্পোর্টিং ক্লাবে জুয়ার আসর চলার সময় গত বৃহস্পতিবার রাতে নগরের বোয়ালিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে আটক করে। এর মধ্যে আটজনকেই আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ছাড়িয়ে নিয়ে গেছেন। স্পোর্টিং ক্লাব নাম দিয়ে বাইরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে ভেতরে তাঁরা জুয়া খেলেন।
বাকি ছয়জনকে গতকাল শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এঁরা হলেন শামসুল হক বাবু (৫০), মঞ্জুর আলী (২০), জাহাঙ্গীর আলী (৩০), বারিক আলী (২৩), রয়েল ইসলাম (২৩) ও বিশাল আলী (২৫)।
রাজশাহী নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাজে কাজলায় (নদীর ধারে) দীর্ঘদিন ধরে ‘আলোকিত স্পোর্টিং ক্লাব’ এ জুয়ার আসর বসে। সেখানে অবৈধ বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। একইভাবে পাশের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়সহ আরও কয়েকটি স্থানে জুয়ার আসর বসে। এ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘স্পোর্টিং ক্লাবে বসে জুয়ার আসর’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন রাতেই নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে অভিযানের সময় স্পোর্টিং ক্লাবের মাইকে দেশাত্মবোধক গান ও গানের ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। ক্লাবের সামনে আলোকসজ্জা করা হয়েছিল। ভেতরে চলছিল জুয়ার আসর। আর ক্লাবের সামনে চেয়ারে বসে জুয়ার আসরের পরিচালক শামসুল হক বাবু সিগারেট টানছিলেন। পুলিশকে তিনি ধমক দিয়ে বলেন, ‘এই মিঞা, আমি আপনাদের টাকা দেই না?’ সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে।
এর আগে শামসুল হকের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে পারেননি। তাঁরা বলেন, প্রতিদিন এই ক্লাবের জুয়ার আসর থেকে শামসুল হক তিন থেকে পাঁচ হাজার টাকা কমিশন নেন। তিনি বলে বেড়ান, এখান থেকে এক হাজার টাকা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীকে এবং এক হাজার টাকা পুলিশকে দেন। শামসুল হক রংমিস্ত্রি ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তিনি সেই কাজ ছেড়ে দিয়ে জুয়ার আসর চালান।
১৪ জনকে আটকের খবর পাওয়ার পরপরই আরমান আলী থানায় ছুটে আসেন। রাত ১২টার দিকে তিনি আটজনকে ছাড়িয়ে নিয়ে যান। আরমান গতকাল বলেন, ‘যারা নিরীহ, দাঁড়িয়ে থেকে টিভি দেখছিল, তাদের তিনি ছাড়িয়ে এনেছেন। ওরা নিজেরাই খেতে পায় না। জুয়া খেলার টাকা কোথায় পাবে?’
আইন অনুযায়ী আটককৃতদের আদালত থেকে জামিনে না নিয়ে এসে থানা থেকে কেন ছাড়িয়ে আনলেন—জানতে চাইলে আরমান বলেন, তিনি থানায় সবার সামনে তাঁদের কান ধরে উঠবস করিয়ে শায়েস্তা করেছেন।
বোয়ালিয়া থানার ওসি আবদুস সোবহান বলেন, যাঁরা নিরীহ, বাবুর ক্লাবের জুয়ার সঙ্গে জড়িত নন, শুধু তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।