আট ট্রলারসহ ১০৪ জন ভারতীয় জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে গত সোমবার সন্ধ্যায় ১০৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এঁদের সবাইকে গতকাল বুধবার রাতে প্রথমে মংলা থানায় এবং পরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় গত রোববার সন্ধ্যায় ট্রলার নিয়ে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন ভারতীয় জেলেরা। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর দুটি টহল জাহাজ ওই জেলেদের আটটি ট্রলার এবং ট্রলারগুলোতে থাকা ১০৪ জেলেকে আটক এবং তিন শতাধিক মণ ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ উদ্ধার করে।
মংলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মানজুর এলাহী জানান, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ প্রবেশ ও মৎস্য শিকারের কারণে মংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের বাড়ি কলকাতার হুগলি, কাকদ্বীপ ও চব্বিশ পরগনা এলাকায়।
এর আগে গত রোববার আটক করা হয় ৬১ ভারতীয় জেলেকে। এ নিয়ে দুই দিনে দেশটির ১৬৫ জেলেকে আটক করল নৌবাহিনী।