আট দিন পর আহত এসআইয়ের মৃত্যু
লালমনিরহাটে ৮ ডিসেম্বর কাপড় চুরি করে তা পিকআপে করে নিয়ে যাওয়ার সময় পিকআপটি জব্দ করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। অবশেষে গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আসাদুজ্জামান নীলফামারীর ডিমলা থানার বন্দর খড়িবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও দুই শিশুসন্তান রেখে গেছেন।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর ভোরে শহরের নরসিংদী বস্ত্রালয় থেকে ১৭ লাখ টাকার কাপড় চুরি হয়। চোরেরা দোকানের শাটারের তালা খুলে ওই কাপড় চুরি করে। পরে চোরেরা একটি পিকআপে করে চোরাই কাপড় নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ খবর তিস্তা সড়ক সেতু এলাকায় ওই দিন কর্তব্যরত এসআই আসাদুজ্জামানকে জানিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পিকআপটি তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজার কাছে জব্দ করার চেষ্টা করেন আসাদুজ্জামান। এ সময় চোরেরা তাঁকে ধাক্কা দিয়ে পাকা রাস্তার ওপরে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় চোরদের হামলায় তিস্তা টোল প্লাজার কর্মচারী শাহজাহান আলীও আহত হন। পরে আসাদুজ্জামানকে সকাল সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেখানে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মারা যান।
এদিকে নরসিংদী বস্ত্রালয়ের মালিক আবুল কাশেম বাদী হয়ে ওই দিনই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ শহরের পুরান বাজার এলাকার নৈশপ্রহরী আবদুল কুদ্দুস (৩৫) ও শহরের শহীদ শাহজাহান কলোনির চিহ্নিত চোর শরিফ উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আসাদুজ্জামানের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ছাড়া ৮ ডিসেম্বর আসাদুজ্জামান সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।