আট দিনে তিনটি মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। চলতি মাসের আট দিনে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। এতে মোটরসাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে ১০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ২৩ দিনে উপজেলায় ছয়টি মোটরসাইকেল চুরি হয়।
তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতেসাম দাবি করেন, চোর চক্রের সদস্যদের ধরার জন্য পুলিশ সক্রিয় রয়েছে। চুরিতে জড়িত সন্দেহে গত বুধবার বিকেলে বথপালিগাঁও গ্রামের রাজু নামের এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি (এমআর) হারুনুর রশীদের হিরো হোন্ডা ১০০ সিসি লাল রঙের মোটরসাইকেলটি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে চুরি হয়। ওই সময় তিনি জরুরি বিভাগে বিপণনকাজ করছিলেন। এর আগে ৩ অক্টোবর রাত পৌনে আটটার দিকে পৌর শহরের গুয়াগাঁও মহল্লার কাঠ ব্যবসায়ী সাবুল ইসলামের ডিসকভার ১৩৫ সিসি নীল রঙের মোটরসাইকেলটি মধ্য গুয়াগাঁও মসজিদের বাইরে থেকে চুরি হয়। সাবুল ইসলাম তাঁর মোটরসাইকেলটির হ্যান্ডেল লক করে বাইরে রেখে মসজিদে এশার নামাজ আদায় করছিলেন। ১ অক্টোবর রাত নয়টার দিকে পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদের সরকারি হিরো হোন্ডা ১০০ সিসি লাল রঙের মোটরসাইকেলটি পৌর শহরের রঘুনাথপুর মহল্লায় ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেনের বাড়ির আঙিনা থেকে চুরি হয়। ওই কর্মকর্তা এ বাসায় ভাড়া থাকেন।
এসব ঘটনায় ভুক্তভোগী মালিকেরা পীরগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের অভিযোগ মোটরসাইকেল উদ্ধারের ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসন এযাবৎ কোনো ভূমিকাই রাখতে পারেনি। ফলে এ পর্যন্ত একটি মোটরসাইকেলও উদ্ধার হয়নি।