আট দিনেও লুণ্ঠিত টাকা উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার হিমাগারে ডাকাতির আট দিন পরও পুলিশ লুণ্ঠিত টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি। তবে কালাই থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের সাউথ পোল হিমাগারে ১৫-২০ জন ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদের হামলা ও গুলিতে ছয়জন আহত হন। হিমাগারের অফিসকক্ষে থাকা ১০ লাখ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় ওই হিমাগারের ব্যবস্থাপক এস এম তারিক রহমান পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
কালাই থানার ওসি রমজান আলী গতকাল জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এর আগে তিনজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছে কোনো তথ্য না পাওয়ায় ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে উপজেলার আরবাল গ্রামের কুখ্যাত ডাকাত ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা বলতে তিনি অস্বীকৃতি জানান। তাঁকে গতকাল ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।