আট দিনেও সন্ধান নেই তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রভাত মারাক,বিভাস সাংমা,রাজেস মারাক
প্রভাত মারাক,বিভাস সাংমা,রাজেস মারাক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রাম থেকে দুজন, ময়মনসিংহের ভালুকা থেকে একজনসহ নিখোঁজ তিন ব্যক্তির আট দিনেও সন্ধান মেলেনি। তিনজনই গারো সম্প্রদায়ের। ১৪ এপ্রিল তিনজনকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
তবে র্যা ব বা বিজিবি কেউই এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। আর পুলিশ বলছে, তারা তদন্ত করছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাদের কাছে তিনজনের ব্যাপারে কোনো তথ্য নেই।
নিখোঁজ তিন ব্যক্তি হলেন ঝিনাইগাতী উপজেলার গজনী গ্রামের মৃত রহেন্দ্র সাংমার ছেলে প্রভাত মারাক (৬০), সুখীন্দ্র মারাকের ছেলে বিভাস সাংমা (২৫) ও সুমিত সাংমার ছেলে রাজেস মারাক (২২)।
বিভাস ঝিনাইগাতীর তিনআনী আদর্শ ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রভাত দিনমজুর। আর রাজেস ভালুকায় তাঁর বোনের বাসায় থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। তাঁরা পরস্পর আত্মীয়।
তিনজনের সন্ধান না পেয়ে তাঁদের পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। পরিবারের দাবি, র্যা ব তিনজনকে ধরে নিয়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ বিভাসের মা বিরলা সাংমা ১৬ এপ্রিল ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী গ্রামে বিভাসদের বসবাস। গত মঙ্গলবার ওই এলাকায় গেলে তাঁর মা বিরলা সাংমা এই প্রতিবেদককে বলেন, বন্য হাতির হাত থেকে ফসল রক্ষার জন্য রাত জেগে পাহারা শেষে ১৪ এপ্রিল ভোর চারটার দিকে তাঁর ছেলে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পরই কালো ও সাদাপোশাকে ১০-১২ জনের একটি দল তাঁদের বাড়িতে এসে বিভাসকে ডাকাডাকি করে। এ সময় পরিচয় জানতে চাইলে ওই দলের সদস্যরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। বিভাসকে নিয়ে যাওয়ার সময় তাঁদের বাড়িতে থাকা দুটি মুঠোফোনও নিয়ে যায় ওই দলটি। একমাত্র সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন বিরলা সাংমা।
বিভাসের খালাতো বোন স্বপ্না হাগিদক বলেন, ‘কালো পোশাকধারী লোকগুলোর জামায় ইংরেজিতে র্যা ব লিখা ছিল। ধরে নেওয়ার সময় বিভাসকে অনেক নির্যাতন করা হয়। আমরা ধারণা করছি র্যা ব সদস্যরাই তাকে ধরে নিয়ে গেছে। কী কারণে বিভাসকে ধরে নিয়ে গেছে সে বিষয়টি বুঝতে পারছি না।’
নিখোঁজ প্রভাত মারাকের একমাত্র মেয়ে প্রমিতা সাংমা বলেন, ‘বাবাকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন আমরা ঢাকায় ছিলাম। আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পারি যে কালো পোশাকধারী কয়েকজন লোক বাবাকে ধরে নিয়ে গেছে। সংবাদ পেয়ে আমরা ঢাকা থেকে চলে আসি। বাবাকে কীভাবে ফিরে পাব, তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। বাবার চিন্তায় মা অসুস্থ হয়ে পড়েছেন।’
নিখোঁজ রাজেসের বড় বোন শিখা মারাক বলেন, তাঁর ভাইকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ভালুকা কলেজ-সংলগ্ন তাঁদের বড় বোনের বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকেও প্রায় একই সময়ে ধরে নিয়ে যাওয়া হয়।
তিনজনকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত গজনী গ্রামের মানুষ। সেখানকার ব্যাপ্টিস্টমণ্ডলী উপাসনালয়ের সেবিকা সুচিত্রা সাংমা বলেন, ‘এই তিনজনের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা চাই এদের দ্রুত উদ্ধার করা হোক। আমরা আমাদের সন্তানদের ফিরে পেতে চাই। সরকারের কাছে নিরাপত্তা চাই।’
গ্রামের মুদি দোকানি মো. মোতালেব বলেন, কী কারণে তিনজনকে ধরে নেওয়া হলো এলাকাবাসী তা বুঝতে পারছে না।
নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি জানিয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত চলছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঝিনাইগাতীর নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. ইয়াকুব আলী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকেও তাঁদের কাছে কোনো অভিযোগ করা হয়নি।
র্যা ব-১৪-এর (শেরপুর-জামালপুর) অধিনায়ক মেজর নাইম আবদুল্লাহ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এ ধরনের কাউকে আমরা আটক বা কারও বিরুদ্ধে মামলা করিনি।’
তবে বিষয়টি র্যা বের নিজস্ব গোয়েন্দা সংস্থার মাধ্যমে অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে নাইম আবদুল্লাহ জানান।