পিরোজপুরে গত শনিবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার, জেলা ছাত্রদলের সদস্য আলী আহম্মেদ, মো. লিমন, সদর উপজেলা যুবদলের সদস্য ফিরোজুল ইসলাম, বিএনপির কর্মী মো. আলামিন, জিয়ানগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খান, ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, গত শনিবার রাতে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় অভিযান চালায়। এ সময় ওই নেতা-কর্মীদের আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়। পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে থানায় মামলা রয়েছে।