খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নে বড় কড়িয়া গ্রামের ‘আতালের ঘের’-এর দখল নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষের ইতিহাস পুরোনো। এর মধ্যে গত আট বছরেই ২৮০ বিঘা আয়তনের ঘেরটির মালিকানা বদল হয়েছে পাঁচবার। সর্বশেষ গত রোববার ঘের দখলে বাধা দেওয়ায় নজরুল ইসলাম নামের স্থানীয় এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নজরুল ইসলাম হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত ব্যক্তির ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলাটি করেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে। তবে তদন্তের স্বার্থে এখন কোনো আসামির নাম বলা যাবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় কড়িয়া গ্রাম স্থানীয়ভাবে করের ডোন নামে পরিচিত। এ গ্রামে বেশ কিছু ঘের আছে। এর মধ্যে সবচেয়ে বড় আতালের ঘের। গ্রামটির কয়েকজন বাসিন্দা বলেন, ওই ঘেরের জমির মালিক ১০০ জনেরও বেশি। বর্তমানে এটি দখলে রয়েছে মোয়াজ্জেম রশিদী দোজার। তিনি খুলনা-৪ আসনের সাংসদ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজার ভাই। গত আট বছরে ঘেরটির পাঁচবার মালিকানা বদল হয়েছে। প্রতিবারই অস্ত্রের মহড়া, ফাঁকা গুলি ও মৃদু সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘেরের দখল নিয়ে খুনের ঘটনা এটাই প্রথম। রোববার সন্ধ্যায় ঘের দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (৪৫) নিহত হন। নজরুল ও এলাকার কয়েকজন ঘেরটির দেখাশোনা করতেন। ঘেরটি দখল নিতে চাইছেন এলাকায় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত রাসেল শেখ। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈ বাপ্পীর অনুসারী। রাসেল শেখ বটিয়াঘাটার বিরাট গ্রামের হেদায়েত শেখের ছেলে। বর্তমানে রাসেল খুলনা নগরের ধর্মসভা এলাকায় থাকেন।
গত সোমবার গিয়ে দেখা যায়, আতালের ঘেরের এক পাশ দিয়ে বয়ে গেছে রূপসা নদী ও অন্য পাশে এর শাখা নদী। ঘেরটিতে পানি ওঠানো খুব সহজ। আশপাশের অন্যান্য ঘেরে পানি নেওয়ার মাধ্যমও এটি। নদী ও সড়কপথে সহজ যোগাযোগব্যবস্থার কারণে এ ঘেরের দিকে সব সময় নজর থাকে প্রভাবশালী ব্যক্তিদের।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ থেকে ২২ বছর আগে মো. আতাল নামের এক ব্যক্তি ঘেরটি তৈরি করেন। ২০০৯ সালে ঘেরটি পরিচালনায় ছিলেন স্থানীয় ব্যবসায়ী মিন্টু খালাসি। তাঁর কাছ থেকে ঘেরটি নেন কসমস সি ফুডের মালিক মনির হোসেন। পরে ঘেরটির দখল চলে যায় খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর গোলাম মাওলার কাছে। একটি হত্যা মামলায় তিনি পলাতক থাকায় ঘেরটির দখল নেন জেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামাল। সর্বশেষ জামালের কাছ থেকে হাতবদল হয়ে ঘেরের দখল এখন এস এম মোয়াজ্জেম রশিদী দোজার কাছে। গত রোববার সন্ধ্যায় ২০ থেকে ২৫ মোটরসাইকেলে করে এক দল লোক ঘের দখল করতে আসে। তাদের মধ্যে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি দেব দুলাল বাড়ৈ ও ছাত্রলীগের স্থানীয় নেতা রাসেল শেখ ছিলেন।
ঘের দখলের অভিযোগ অস্বীকার করে এস এম মোয়াজ্জেম রশিদী দোজা বলেন, ‘আতালের চর মৎস্য খামার সমবায় সমিতির নামে ছয়জন অংশীদার ঘেরটি পরিচালনা করছেন। আমিও একজন অংশীদার। জমির মালিকদের নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে ঘের পরিচালনা করা হয়। রোববারের ঘটনায় আমি হতবাক ও মানসিকভাবে বিপর্যস্ত।’
ঘটনার পর থেকে দেব দুলাল বাড়ৈয়ের মুঠোফোন বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বাড়িতে থাকছেন না।
ওসি বলেন, ‘হামলাকারীরা সবাই খুলনা শহর থেকে এসেছিল। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কাছ থেকে কিছু নাম পেয়েছি। হামলাকারীদের মধ্যে বাপ্পীও (দেব দুলাল) ছিল বলে শুনেছি। এখনো ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’