যন্ত্রপাতি থাকার পরও চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের অভাবে আট বছর ধরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি অস্ত্রোপচার কক্ষ ব্যবহার করা যাচ্ছে না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার লোকজন।
হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচার কক্ষগুলো চালু করার জন্য শল্যচিকিৎসক (সার্জারি), প্রসূতি চিকিৎসক ও অবেদনবিদ (অ্যানেসথেসিয়া চিকিৎসক) প্রয়োজন। এ ছাড়া কমপক্ষে চারজন সেবিকা (নার্স), একজন করে ওয়ার্ডবয় ও সুইপার প্রয়োজন। কিন্তু শল্যচিকিৎসক, প্রসূতি পরামর্শক ও অবেদনবিদের পদ শূন্য রয়েছে। নার্সের ১৪টি পদের মধ্যে কর্মরত রয়েছেন ছয়জন। ওয়ার্ডবয় ও সুইপারের পদও খালি রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ২১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত রয়েছেন ১৭ জন। এর মধ্যে চারজন ডেপুটেশনে অন্য হাসপাতালে কাজ করছেন। কার্যত ১৪ জন চিকিৎসক দিয়ে রোগীদের চাপ সামাল দিতে হচ্ছে।
হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স কানন কর্মকার জানান, নার্সের পদ শূন্য থাকায় ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ছেন। অস্ত্রোপচার শুরু করতে হলে চিকিৎসকের পাশাপাশি অবশ্যই নার্স নিয়োগ দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এন এম সামছুল করিম প্রথম আলোকে জানান, সার্জারি, প্রসূতি চিকিৎসক, অবেদনবিদসহ প্রয়োজনীয় জনবলের অভাবে হাসপাতালে অস্ত্রোপচার করা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও জনবল নিয়োগ দেওয়া হয়নি।
হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচার করার জন্য সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে। স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ কেভিএ জেনারেটর ১০ বছরের বেশি সময় ধরে অকেজো। জেনারেটর মেরামতের জন্য একাধিকার স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হলেও কোনো কাজ হয়নি। বিদ্যুৎ বিভ্রাট হলে ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদেরও সমস্যায় পড়তে হয়।